জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন দাখিল করা হয়।
মামলার মোট ২৬ জন আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীমসহ আরও ১৮ আসামি পলাতক রয়েছেন।
প্রসিকিউশন এই মামলায় দুটি পৃথক অভিযোগ উত্থাপন করেছে। প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে গণ-অভ্যুত্থানের সময় আহতদের হাসপাতালে নিতে সহায়তা এবং আন্দোলনকারী ছাত্র-জনতার মাঝে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সেই সময় তিনি গুলিবিদ্ধ হন। সতীর্থরা তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিনে ওই এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ওই দিন উত্তরায় এপিসির (সাঁজোয়া যান) পেছনের চাকায় পিষ্ট হয়ে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয় নিহত হন।
দ্বিতীয় অভিযোগে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।