সিরাজগঞ্জের উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার বিকেলে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত যাত্রী সাব্বির হোসেনকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া চারটার দিকে উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় অতিক্রম করলে দুর্বৃত্তরা ট্রেনের জানালার দিকে পাথর ছুড়ে মারে। পাথরটি জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করলে তা ট্রেনের যাত্রী সাব্বির হোসেনের ডান চোখে আঘাত হানে। ফলে তিনি তৎক্ষণাৎ গুরুতর আহত হন।

ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে বিকেল সাড়ে চারটার দিকে আহত যাত্রীকে নামিয়ে কামারখন্দ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় আহত যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাব্বির হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ে বাজার স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম.