পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ইউনিট ও মাঠ পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার, ময়মনসিংহ ও চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি, র্যাব ও সিআইডিতে নতুন কর্মকর্তা পদায়নের পাশাপাশি পূর্বের একটি বদলির আদেশও বাতিল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে সোমবার (২১ জুলাই) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে গত ২৮ জুন জারি করা একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। ওই আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এফডিএমএন) কার্যালয় এপিবিএনে বদলি করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করায় তিনি সিআইডিতেই বহাল থাকছেন।
অন্য প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে একই পদমর্যাদায় র্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে দায়িত্ব পালনরত মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে এই রদবদলকে চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।