ভারতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গতকাল সোমবার (২০ জুলাই) দিল্লিতে দলের ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি মুম্বাইয়েও বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটেছে। এই কর্মসূচির অংশ হিসেবে মুম্বাই পুলিশ রাজনৈতিক কর্মী এবং বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদকে আটক করে।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে স্বরা দাবি করেছেন, মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ ফাহাদকে আটক করে। ওই ভিডিওতে ফাহাদকে প্রশ্ন করতে শোনা যায়, ‘আমাকে কেন গ্রেপ্তার করছেন?’ স্বরার দাবি অনুযায়ী, ফাহাদসহ আরও কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
আরেকটি ভিডিও প্রকাশ করে স্বরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে মুম্বাই পুলিশ। তিনি লেখেন, ‘এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক’। একই সঙ্গে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সিজেপির সমর্থনে চৈত্যভূমিতে জড়ো হওয়া বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। পুলিশের অভিযানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও, আটক বা আহতের সঠিক সংখ্যা নিয়ে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অন্যদিকে, দিল্লিতে সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে নিট পরীক্ষায় অনিয়মের তদন্ত ও শিক্ষা সংস্কারের দাবিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
সিজেপির এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, ‘সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।’
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমা লেখেন, ‘আজকের দৃশ্যগুলো অনেক দিন আমার মনে থাকবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন কঠোর শক্তি প্রয়োগ ও লাঠিপেটার ঘটনা দেখে আমি গভীরভাবে দুঃখ পেয়েছি। এই পরিস্থিতি আরও বেশি ধৈর্য, আরও বেশি মনোযোগ দিয়ে শোনা এবং আরও বেশি আলোচনার মাধ্যমে সামলানো যেত।’
তিনি আরও লেখেন, ‘আমরা ভারতের জনগণ এই সরকারকে নির্বাচিত করেছি। তাই আজ আমাদের সবারই প্রশ্ন করার ও জবাবদিহি প্রত্যাশা করার অধিকার রয়েছে। আমরা একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ। সব বিষয়ে আমাদের সবার মত এক হতে হবে না। তবে আমরা নিশ্চয়ই একমত হতে পারি যে, কোনো নাগরিকের বিরুদ্ধে বলপ্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা মর্যাদার সঙ্গে শোনা উচিত।’
এছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাস ও দিলজিৎ দোসাঞ্জ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।