নব্বই দশকের জনপ্রিয় তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। রজতজয়ন্তীর এই বিশেষ মুহূর্তটি উদ্যাপনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার, বন্ধু এবং ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এই দম্পতি। আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁরা।
এই বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত। কাকতালীয়ভাবে, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি টনি ও প্রিয়ার বিয়ের দিনও উপস্থিত ছিলেন এই দম্পতি। বিবাহবার্ষিকী উপলক্ষে সেই সময়ের এবং বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়া ডায়েস। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুটি ছবি, দুটি সময়, একই মানুষ, একই ভালোবাসা।’
দীর্ঘ ২৫ বছরের পথচলায় জীবনের অনেক পরিবর্তন এলেও ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা যে অপরিবর্তিত রয়েছে, তা ব্যক্ত করেছেন প্রিয়া ডায়েস। তিনি লিখেছেন, ‘সময় বদলেছে, চুলে পেকেছে রূপালি ছোঁয়া, জীবনে এসেছে অসংখ্য অভিজ্ঞতা। কিন্তু একটি জিনিস বদলায়নি—ভালোবাসার মানুষের পাশে থাকার আন্তরিকতা।’
সম্পর্কের গভীরতা ও দুর্লভতা প্রসঙ্গে প্রিয়া ডায়েস আরও লিখেছেন, কিছু সম্পর্ক এতটাই দুর্লভ, যা কোনো মূল্য, উপহার বা প্রতিদান দিয়ে শোধ করা যায় না; শুধু হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় আজীবন আগলে রাখা যায়।
গত প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন টনি ও প্রিয়া ডায়েস। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তাঁদের বিবাহিত জীবনের রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে।