নরওয়েজীয় ফুটবল তারকা আর্লিং হলান্ডের সিগনেচার স্টাইলে হেঁটে ভক্তদের অবাক করে দিলেন বিটিএস সদস্য জিমিন। হলান্ডের মতো ঘাড় ঝুঁকে হাঁটতে দেখা গেছে তাঁকে।

জার্মানিতে বিটিএসের আরিরাং ট্যুরের এক শো চলাকালীন জিমিনের এই বিশেষ হাঁটার ভঙ্গি দেখে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে।

ইএসপিএন মেক্সিকোর প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুলাই মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় এই ঘটনাটি ঘটে। মূল কনসার্টের আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের নজরে আসে। ওই পোস্টারে মার্ভেলের সুপারহিরো থর, ফুটবলার আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি পাশাপাশি বসানো ছিল।

পোস্টারটিতে কোরীয় ভাষায় থরকে অভিহিত করা হয় ‘বজ্রের দেবতা’ হিসেবে, হলান্ডকে বলা হয় ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে লেখা ছিল ‘আমাদের দেবতা’। পোস্টারটি দেখে হেসে ওঠেন জিমিন।

পরবর্তীতে মূল কনসার্টের মঞ্চে জিমিন হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গিটি নকল করে দেখান, যা দেখে দর্শকেরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন।

ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’

এদিকে চিলির সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করেছে। তাদের পোস্টে কে-পপ তারকা এবং নরওয়েজীয় ফুটবলারের এই মজার মিলটি ফুটিয়ে তোলা হয়।