যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার ‘তাবাহি’ গানের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। তিনি জানান, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ, যার কারণে ক্যারিয়ারে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি পডকাস্টার শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য কিংবা নিজের কাছে অস্বস্তিকর মনে হয় এমন পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেননি।

কাজলের ভাষায়, ‘আমি শুধু নিজের কথাই বলতে পারি। আমি কখনো এ ধরনের চরিত্র করিনি। পর্দায় অন্তরঙ্গ দৃশ্য কিংবা এমন পোশাক—যেমন বিকিনি—যদি তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে তা করি না। এ কারণেই অনেক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এতে আমার কোনো আফসোস নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।’

নিজের ব্যক্তিগত সীমারেখার বিষয়ে তিনি আরও বলেন, ‘খুব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমার কাছে এগুলো ব্যক্তিগত বিষয়, যা পর্দায় দেখানো ঠিক বলে মনে হয়নি। নিজের সীমারেখাকে আমি সব সময় সম্মান করেছি এবং সে সিদ্ধান্তেই অটল থেকেছি।’

সাক্ষাৎকারে একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী অভিনেত্রীরা কেন পুরুষদের তুলনায় বেশি সমালোচিত হন—এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষও নিজের বিবেচনায় ঠিক করবেন তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন কি না। সিদ্ধান্তটা নিজের ভেতর থেকেই আসা উচিত। তবে আমার মনে হয়, এ ধরনের বিষয়ে নারীরা তুলনামূলকভাবে বেশি সতর্ক থাকেন।’

মাতৃত্ব তাঁর সিদ্ধান্ত গ্রহণে কী প্রভাব ফেলেছে, সে বিষয়ে কথা বলেন কাজল। উদ্যোক্তা গৌতম কিচলু ও কাজলের চার বছর বয়সী ছেলে নীল। ছেলের কথা মাথায় রেখেই এখন চরিত্র বাছাই করেন তিনি।

কাজল বলেন, ‘আমার ছেলে বড় হয়ে যখন আমার সিনেমা দেখবে, তখন যেন সে গর্ব অনুভব করে। আমি চাই না কোনো দৃশ্য দেখে সে অস্বস্তিতে পড়ুক বা প্রশ্ন করুক, “মা, তুমি এটা কেন করলে?” তাই এখন আমি খুব সচেতনভাবে সিনেমা নির্বাচন করি।’

উল্লেখ্য, ‘তাবাহি’ গানটির নির্মাণশৈলী ও দৃশ্যায়নের প্রশংসা করলেও এর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা আদভানিকে লক্ষ্য করে কটাক্ষের ঝড় উঠেছে। এই প্রসঙ্গে ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তুলেছেন যে, একই দৃশ্যে অভিনয় করলেও কেন শুধু নারী অভিনেত্রীই বেশি সমালোচনার শিকার হন, অথচ পুরুষ অভিনেতাকে প্রশংসা করা হয়।

আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ ছবিটির। অন্যদিকে, কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাচ্ছে ২৪ জুলাই।