হলিউড অভিনেতা সেথ রোগেন জানিয়েছেন, নতুন সিনেমা ‘দ্য ইনভাইট’-এ স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বারবার ‘ধন্যবাদ’ বলছিলেন। পরে পরিচালক অলিভিয়া ওয়াইল্ডও অবাক হয়ে জানতে চেয়েছিলেন, তিনি এমনটা কেন করছেন?
সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে অতিথি সঞ্চালক আইক ব্যারিনহোল্টজের সঙ্গে আলাপচারিতায় এ অভিজ্ঞতার কথা শোনান ৪৪ বছর বয়সী এই অভিনেতা।
.সেথ বলেন, ‘মজার বিষয় হলো, ওই দৃশ্যে আমাদের তাৎক্ষণিকভাবে সংলাপ বলার (ইমপ্রোভাইজ) উৎসাহ দেওয়া হয়েছিল। আমি আর পেনেলোপের মধ্যে একটি রোমান্টিক মুহূর্ত ছিল, যেখানে মনে হচ্ছিল, আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু আমি শুধু বারবার বলছিলাম, “ধন্যবাদ”।’
এই অভিনেতা জানান, পরিচালক অলিভিয়া ওয়াইল্ড তখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘কেন? তুমি কী করছ? বারবার “ধন্যবাদ” বলছ কেন?’
জবাবে সেথ বলেছিলেন, ‘আমি নিজেও জানি না। মুখ থেকে স্বাভাবিকভাবেই কথাটা বেরিয়ে আসছিল।’
অভিনেতার ভাষ্য, বাস্তব জীবনেও এমন পরিস্থিতিতে তিনি ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাতেন।
‘আমার মধ্যে শুধু কৃতজ্ঞতাই কাজ করছিল। আমি সম্ভবত ক্ষমাও চাইতাম, আবার ধন্যবাদও দিতাম,’ বলেন সেথ।
এই অভিনেতা জানান, পেনেলোপে ক্রুজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় তিনি কিছুটা নার্ভাস ছিলেন। কারণ, পেনেলোপের স্বামী হলেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম।
.ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারাই কেন লক্ষ্যবস্তু.হাস্যরসের ছলে সেথ বলেন, ‘অবশ্যই বিষয়টা নিয়ে একটু চিন্তা হচ্ছিল। তবে আমার মনে হয় না তিনি আমাকে কোনো দিক থেকেই নিজের জন্য হুমকি হিসেবে দেখেন।’
‘দ্য ইনভাইট’ সিনেমায় সেথ রোজেন ‘জো’ নামের এক সংগীতশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, বৈবাহিক জীবনে অসন্তুষ্ট এ চরিত্র নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হয়।
দ্য নিউজ অবলম্বনে