যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গতকাল সোমবার রাতে বাসসকে জানান, যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অভিনন্দনবার্তায় তারেক রহমান লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ও দায়িত্বগ্রহণের জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজস্ব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াটা তাঁর নেতৃত্বের প্রতি তাঁর দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থারই প্রতিফলন।”

নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং গণতান্ত্রিক সুশাসসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির কামনা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।”

বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাঁরা উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন।”

অভিনন্দনবার্তায় তারেক রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। পাশাপাশি অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও সফল দায়িত্বপালনের পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

উল্লেখ্য, গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম।