রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন (২৪), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২১) ও ভাগনি হাফছা (৮)।

শাহিনের সহকর্মী মো. জসিম তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, শাহিন নতুনবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং দ্রুত কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাঁর ধারণা, গ্যাসের লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, "শাহিনের শরীরে ৫০ শতাংশ, তাঁর স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাঁদের ভাগনি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।"