বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এখন নেটদুনিয়ার প্রধান চর্চার বিষয়। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে সম্প্রতি এই গুঞ্জনের বিষয়ে পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাহিবা।
ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সাহিবা লিখেছেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ২’। যদিও তিনি সরাসরি প্রেমের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি, তবে নেটিজেনদের একটি বড় অংশ তাঁর এই বার্তাকে চলমান জল্পনার জবাব হিসেবেই দেখছেন। উল্লেখ্য, এর আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ভুলবশত তাঁকে অভিনেত্রী অনুশকা শর্মা হিসেবে উল্লেখ করা হলে তিনি সেই স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ১)’। এরপর অর্জুনের সঙ্গে ছবি পোস্ট করে ‘পর্ব ২’ লেখায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে।
সাহিবা বালি ২০১৮ সালে ইমতিয়াজ আলী প্রযোজিত ‘লায়লা মজনু’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। পরবর্তীতে ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো প্রজেক্টে তাঁর অভিনয় দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পডকাস্টার, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে পরিচিতি পেয়েছেন।
অন্যদিকে, অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন দীর্ঘকাল ধরেই খবরের শিরোনামে। ২০১৮ সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এলেও ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। পেশাগত জীবনে অর্জুন কাপুরকে সর্বশেষ মুদাসসর আজিজ পরিচালিত রোমান্টিক কমেডি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-তে দেখা গেছে, যা বর্তমানে জিওহটস্টারে স্ট্রিমিং হচ্ছে। তবে তাঁর পরবর্তী কাজ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা সাহিবা বালি অভিনয়ে আসার আগে পড়াশোনায় যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্সরাজ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান এবং ব্যবসা প্রশাসন ও মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন। অভিনয়ের আগে তিনি ভারতের বেশ কিছু বড় প্রযুক্তি ও স্টার্টআপ প্রতিষ্ঠানে মার্কেটিং ও ব্র্যান্ড স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করেছেন।
বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সাহিবার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রাম ও ইউটিউবে লাইফস্টাইল, সিনেমা, প্রযুক্তি এবং ক্যারিয়ার বিষয়ক কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি একজন প্রভাবশালী ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। এছাড়া ক্রিকেটের প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ দেখা এবং ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর নিয়মিত অভ্যাসের অংশ। লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচে তাঁর উপস্থিতিও সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ, যা পরবর্তীতে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে রূপ নেয়।