১০ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল এই ছবিটিতে আবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পাওয়া ছবির বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে বলে দাবি করেছে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে জয়া আহসানের অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সংবাদ প্রতিদিন তাদের রিভিউতে জয়ার অভিনয়ের প্রশংসা করে লিখেছে, ‘মেঘনার চরিত্রে জয়া একেবারে পারফেক্ট। জয়ার মধ্যে এমন তোলপাড়, কূলছাপানো লিকুইডিটি, তারল্য আছে, যা চোখে দেখার, অনুভবের এবং আমার মতো কিছু পুরুষের রোমান্টিক টানের। কৌশিকের কল্পনা, তাঁর রোমান্টিক স্বপ্ন এই তারল্যে সাঁতারু হতে পেরেছে। সমস্ত ছবিটাকে আচ্ছন্ন করে আছে জয়া আহসানের তারল্য—মেঘনা নদীর এপার-ওপার ছলাৎ ও বহতা।’
অনলাইন গণমাধ্যম দ্য ওয়াল জয়ার সংযত অভিনয়ের কথা উল্লেখ করে লিখেছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসান অনেক সংযত। সংলাপ কম, কিন্তু উপস্থিতি দীর্ঘস্থায়ী। অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা আর অনিশ্চয়তার মাঝখানে আটকে থাকা এক নারীর ভাঙন। বিশেষ করে চূর্ণীর সঙ্গে তাঁর মুখোমুখি দৃশ্যগুলো ছবির আবেগকে আরও গভীর করেছে। দুজনের রসায়নই ছবির অন্যতম বড় সম্পদ।’
অন্যদিকে, মেঘনা চরিত্রের গঠন নিয়ে সমালোচনা করেছে টাইমস অব ইন্ডিয়া। তারা লিখেছে, ‘মেঘনা চরিত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন জয়া আহসান। তবে চরিত্রটির নির্মাণে কিছু অসংগতি রয়েছে। তার আবেগের যাত্রাপথ অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে জটিল মনে হয়। ফলে মেঘনার প্রতি দর্শকের সহানুভূতি সব সময় সমানভাবে তৈরি হয় না।’
দ্য টেলিগ্রাফ তাদের রিভিউতে জানিয়েছে, ‘মেঘনা চরিত্রে জয়া আহসানও দারুণভাবে সঙ্গ দিয়েছেন। যদিও প্রথম ছবির তুলনায় এই পর্বে চরিত্রটি আবেগ প্রকাশের তেমন বেশি সুযোগ পায় না, তবু অপরাধবোধ, ভালোবাসা ও অনিশ্চয়তার টানাপোড়েনে আটকে থাকা এক নারীর ভঙ্গুর মানসিক অবস্থাকে জয়া তাঁর সংযত ও বিশ্বাসযোগ্য অভিনয়ে ফুটিয়ে তুলেছেন।’
একই সাথে আরও আনন্দ লিখেছে, ‘জয়া অভিনীত মেঘনা চরিত্রটির প্রতি আলাদা আদর জন্মায় এই ছবি দেখলে।’
এর আগে মেঘনা চরিত্রটি সম্পর্কে মুক্তকণ্ঠকে জয়া আহসান বলেছিলেন, ‘মেঘনা চরিত্রটা তো আগে থেকেই তৈরি ছিল। তারপর সময় কিছুটা কেটে গেছে। শহরটা মেঘনার অনেকখানি হয়ে গেছে। ও পরিবারের একজন অংশ হয়ে গেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পেয়েছে, বাচ্চাটা বড় হয়েছে। মেঘনার জীবনে নতুন নতুন আরও চরিত্র এসেছে। যেমন করে সিনেমাতে নতুন চরিত্রগুলো আসে। ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কিন্তু সংসারে এবারও নানা রকমের টানাপোড়েন তৈরি হয়, অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় মেঘনাকে। নতুন সিনেমায় সেটাই উঠে এসেছে।’
‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি।