ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের এই সময়ে মশার লার্ভা ধ্বংস করাকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হলে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ উদ্যোগ সফল হতে পারে।

সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'ইয়ুথ টু ওয়ার্ল্ড' আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, "মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল (রাসায়নিক) ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।"

বর্তমান মশা নিধনের প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, "মশা নিধনে যেসব প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেগুলো উপযুক্ত কাজ করতে পারছে না। দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।"