জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
আজ সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ভারতে পালিয়ে থাকা অন্যান্য ব্যক্তিদের ফেরাতেও ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয়েছে।
২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে এটি কি দ্বিতীয় দফার চিঠি—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাঁকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি। আমরা আগেও বারবার বলেছি, কূটনৈতিক নীতিমালা ও প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিচার হবে।’
চিঠিটি কবে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যা প্রয়োজন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী আমরা প্রয়োজনীয় কাজ করব। এটি একটি চলমান প্রক্রিয়া। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে, সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই আশা করে।’
এই চিঠির বিষয়ে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি গেছে। আমরা অপেক্ষা করব, অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দেবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতে পালিয়ে থাকা আসামিদের ক্ষেত্রে সাধারণত ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয় এবং বর্তমানে পলাতক আসামিদের ফেরত চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।