বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

হুমায়ূন আহমেদের সাহিত্যিক পথচলা শুরু হয় ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'র মাধ্যমে। এরপর ১৯৭৪ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস 'শঙ্খনীল কারাগার' প্রকাশিত হয়। এই দুটি বই প্রকাশের পর পাঠকমহলে তিনি একজন শক্তিশালী লেখক হিসেবে পরিচিতি ও সমাদর লাভ করেন।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখকশিবির পুরস্কার এবং মাইকেল মধুসূদন পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ রোববার সকালে লেখকের গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুরে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, লেখকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কোরআনখানি, দোয়া ও মিলাদ।

এছাড়া বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। একই সময়ে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।