বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসে অর্থনীতি, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার গত ১৫০ দিনে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পাঁচ মাসের অর্জনগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি সরকারের প্রধান পাঁচটি অর্জন হিসেবে জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, স্বল্প সময়ে বিভিন্ন সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ ও কূটনীতিতে অগ্রগতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধরনকে চিহ্নিত করেন।

অর্থনৈতিক খাতের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকারের ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের তুলনায় ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বেশি। তিনি আরও জানান, গত মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে এবং ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রপ্তানি হয়েছে ২০ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। জুন মাসে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এবং তাঁর দাবি, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় ১৯ দিনে এবং মেহেরপুরের এক শিশুকে ধর্ষণের মামলায় ২৯ কার্যদিবসে রায় দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। মাহদী আমিন বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর পলাতক মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।" এছাড়া তনু (সোহাগী জাহান তনু) হত্যা মামলা ও শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান বলে তিনি জানান।

আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের প্রথম ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন সংশোধন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন এবং নতুন জুয়া প্রতিরোধ আইন পাস হয়েছে বলে জানান মুখপাত্র।

জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। স্নাতক পর্যন্ত ছাত্রীদের বিনা খরচে শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস ও পাটের ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পথশিশুদের পুনর্বাসনে ৪২০ কোটি টাকার প্রকল্প, নারী, কৃষক, ক্রীড়াবিদ ও প্রবাসীদের জন্য পৃথক কার্ড এবং ভবিষ্যতে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

স্বাস্থ্যসেবার প্রসারে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা, প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, রমজান ও ঈদে বাজার নিয়ন্ত্রণ এবং কোরবানির ঈদে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ করে খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।

দুর্নীতি বিরোধী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণে ৪০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, বন্ধ শিল্পকারখানা চালু এবং আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।

কূটনীতিতে অগ্রগতির কথা বলে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন। মালয়েশিয়ার সঙ্গে ৩৩ দফার যৌথ বিবৃতি এবং চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে পর্যায়ক্রমে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিস্তা মহাপরিকল্পনা, আনোয়ারা শিল্পাঞ্চল, মোংলা অর্থনৈতিক অঞ্চল এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর নিয়ে কাজ চলছে। এছাড়া ভারতের ভিসা সেবা চালু, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ ঘোষণা পুনর্বহাল, জাপানের নারিতা রুটে বিমান চলাচল শুরু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ, কৃষকদের সহায়তা এবং প্রাণিকল্যাণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনের শুরুতে ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, "দুই বছর আগে এই দিনে ইন্টারনেট বন্ধ করে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল।" বর্তমান সরকার বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জুলাই আন্দোলনে গুম, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে।

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লার একটি কেন্দ্রের বিষয়ে তিনি জানান, সেখানে পরীক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা দিয়েছেন। তিনি বলেন, "একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু সংসদে বক্তৃতা দেওয়া নয়, নিজের এলাকায় গিয়ে জনগণের জন্য কাজ করা।" তিনি আরও বলেন, "রাজনীতিতে ‘ব্যক্তি বন্দনার’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।" প্রধানমন্ত্রী নিয়মিত জেলা সফর করে মানুষের সমস্যা সরাসরি শুনছেন এবং স্থানীয় সম্ভাবনা ও সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানান প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।