রাজধানীসহ এর আশপাশের এলাকায় আজ রোববার বেলা একটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা এবং কিছু স্থানে ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, রাজধানীতে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই; বরং দিনভর রোদ ও বৃষ্টির খেলা চলতে পারে।
আজ সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার পরবর্তী ছয় ঘণ্টা অর্থাৎ বেলা একটা পর্যন্ত সময়ের যে পূর্বাভাস দিয়েছে, সেখানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সময়ে রাজধানীতে দুই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। তিনি সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, "আজ রাজধানীর আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলতে পারে। আবার কিছুটা বৃষ্টিও হতে পারে।"
এদিকে গতকাল শনিবার থেকেই দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ রংপুর বিভাগের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তিনি সকালে প্রথম আলো বলেন, "উত্তরের দিকে বৃষ্টি বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণ আগামীকাল সোমবার থেকে বাড়তে পারে কিছুটা।"
উল্লেখ্য, গত সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমে এলেও চলতি মাসের ৫ তারিখ থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। এর ফলে চট্টগ্রামসহ কয়েকটি পাহাড়ি জেলায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটে এবং অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র গতকাল জানিয়েছে, দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃত মানুষের সংখ্যা বেড়ে ৫৯–এ পৌঁছেছে।






