মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানাবিল মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মৃত যুবক শাহিন মিয়া কানাবিল মাঠের একটি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমারটি খোলার পর অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটি থেকে নিচে পড়ে যান। সকালে মাঠে কাজ করতে আসা স্থানীয় কৃষকরা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার যন্ত্রাংশ পাওয়া গেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।