ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্লিপার বাস গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘গ্রিন সেন্টমার্টিন পরিবহন’-এর (ঢাকা মেট্রো-ব-১২-৬০০১) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাঁ পাশে গিয়ে একটি গাছে ধাক্কা খায়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চালকসহ সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার স্থানীয় এলাকা থেকে পালিয়ে যান।

উদ্ধার অভিযানের সময় হাইওয়ে পুলিশ বাসের বক্সে থাকা যাত্রীদের মালামাল বের করে টোকেন মিলিয়ে তাদের কাছে ফেরত দেয়। পরে পরিবহন কোম্পানির অন্যান্য দুটি বাস ব্যবহার করে আটকে পড়া যাত্রীদের নিরাপদে ঢাকায় প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম মুক্তকণ্ঠ কে জানান, ফেনীতে থাকা ছোট রেকার দিয়ে বাসটি উত্তোলন সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে বড় ক্রেন এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।