স্বপ্ন দেখার পথে কোনো বাধা নেই, আর সেই স্বপ্ন পূরণের পথকে সহজ করে তুলছে মুক্তকণ্ঠ ট্রাস্ট। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা। এই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সূর্য অদম্য মেধা ও ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ।

রাজশাহীর তালাইমারি এলাকার নিকটস্থ কেদুর মোড়ে একটি সাধারণ পরিবারে সূর্যের জন্ম ও বেড়ে ওঠা। দুই ভাইবোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেছে। সূর্যের বাবা পেশায় একজন ভ্যানচালক। সীমিত আয়ের কারণে যেখানে পরিবারের দুবেলা খাবার নিশ্চিত করা কঠিন, সেখানে সন্তানের পড়াশোনার খরচ বহন করা ছিল এক বড় চ্যালেঞ্জ।

তবে দারিদ্র্যের কাছে হার মানেনি সূর্যের শিক্ষার আলো। মুক্তকণ্ঠ ট্রাস্টের সহায়তায় রাজশাহী আলোর পাঠশালায় সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়েছে সে। এই বিশেষ সহায়তা সূর্যের শিক্ষাজীবনকে কেবল সচলই রাখেনি, বরং তার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণায় পরিণত হয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-তে যোগ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন দেখে সূর্য। তার বিশ্বাস, আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পড়াশোনা এবং সকলের সহযোগিতা থাকলে একদিন সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রহমত আলী জানান, "মুক্তকণ্ঠ ট্রাস্ট এবং রাজশাহী আলোর পাঠশালা শুধু প্রথাগত শিক্ষা দিচ্ছে না, বরং অসংখ্য অবহেলিত শিক্ষার্থীর জীবনে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসের আলো জ্বালিয়ে দিচ্ছে। সূর্যের মতো শিক্ষার্থীদের সফলতাই এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।"