অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সামাজিক সহযোগিতার হাত ধরে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে জিতু। তার লক্ষ্য ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করা। বর্তমানে সে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।

এক ভাই ও এক বোনের ছোট এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা, যিনি পেশায় একজন গাড়িচালক। সীমিত আয় এবং নানা সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি জিতু। শৈশব থেকেই অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবাদানের প্রতি তার প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

জিতুর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহী আলোর পাঠশালা। একই সঙ্গে মুক্তকণ্ঠ ট্রাস্টের শিক্ষাবিষয়ক সহায়তা ও অনুপ্রেরণা তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মোঃ রহমত আলী বলেন, ' জিতুর মতো স্বপ্নবাজ ও অদম্য শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমরা কাজ করছি। পর্যাপ্ত অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে জিতু তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ্বাস।'

জিতুর বিশ্বাস, সবার ভালোবাসা, দোয়া এবং নিজের কঠোর পরিশ্রমে সে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তার এই লড়াই এবং অদম্য মনোবল স্থানীয় অন্যান্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।