মুক্তকণ্ঠ ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় মুক্তকণ্ঠ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ গত ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষজ্ঞদের পরামর্শ ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মানসিক সুস্থতা বৃদ্ধিতে সহায়তা করা হয়। উদ্বোধনী পর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ মানবিক সুস্থতা যাচাইয়ের তিনটি প্রধান মাধ্যম—চিন্তা, ইচ্ছাশক্তি এবং সমাজে নিজের অবদান সম্পর্কে সচেতন হওয়া—বলে উল্লেখ করেছেন ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ও সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কন্সালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনায় সাইকোথেরাপিস্ট কনসালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা বলেছেন, মনের সমস্যা মানেই ওষুধ নয়; বরং সবার আগে নিজের আবেগ নিয়ন্ত্রণে আনতে হবে এবং নিজেকে ভালোভাবে জানতে হবে। তবেই নিজের মনের অবস্থা ভালোভাবে বোঝা যাবে এবং সমস্যা সমাধান করা সহজ হবে।