মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২৬ সালের ২২ এপ্রিল মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। এবারের সভার মূল বিষয়বস্তু ছিল— 'ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প?' সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।
ই-সিগারেটের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সতর্ক করে ডা. সরদার আতিক বলেন, ‘অনেকেই ই-সিগারেটকে সাধারণ সিগারেটের বিকল্প মনে করেন। এতে তরল বা লিকুইড ব্যবহার করে নিকোটিনের মাত্রা নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়, এমনকি অনেকে 'জিরো নিকোটিন' ই-সিগারেটও ব্যবহার করেন। সাধারণ সিগারেটের তুলনায় এটি পরিবেশ দূষণ কিছুটা কম করলেও এর স্বাস্থ্যঝুঁকি কোনো অংশে কম নয়। ই-সিগারেটের সুগন্ধি কেমিক্যাল এবং বাষ্প ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। এটি তরুণ প্রজন্মকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে, যা পরবর্তীতে সাধারণ সিগারেটের দিকে ধাবিত করে।