একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়েছে। প্রায় ১০ মাস আগে একটি আইনি নোটিশের মাধ্যমে এই বিষয়টি সামনে এলেও সম্প্রতি আদালতের সমন জারির পর বিতর্কটি পুনরায় আলোচনায় এসেছে।
জানা গেছে, সমন জারির খবরটি তানজিন তিশা, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠজনদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। তাঁদের মতে, একটি উপহার হিসেবে দেওয়া শাড়ি নিয়ে বিরোধ এভাবে মামলা পর্যন্ত গড়াবে, তা তাঁরা কল্পনাও করেননি। ঘনিষ্ঠদের একাংশ মনে করছেন, এটি ব্যক্তিত্বের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তাঁদের মতে, একজন তারকাকে দেওয়া উপহারের বিষয়টিকে কেন্দ্র করে মামলা করা অনাকাঙ্ক্ষিত।
অন্যদের মতে, উপহারের বিনিময়ে প্রচারণার প্রত্যাশা থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল। এই ঘটনার ফলে ভবিষ্যতে উদ্যোক্তাদের কাছ থেকে উপহার গ্রহণে অনেক তারকা অনাগ্রহী হয়ে উঠতে পারেন এবং বিষয়টি একজন শিল্পীর জন্য সম্মানহানিকর পরিস্থিতি তৈরি করেছে বলে তাঁরা মনে করছেন।
গত সপ্তাহে সমন জারির পর তিশা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মামলার প্রসঙ্গ উঠলে তানজিন তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব। আমারও ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে কী ঘটেছে, সেটা নিয়ে কথা বলি। কিন্তু বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আমি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলিনি। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব এবং আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করব।’
দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিশা প্রশ্ন তোলেন, মাত্র ২৭-২৮ হাজার টাকার একটি শাড়ির জন্য প্রতারণার অভিযোগ কতটা যৌক্তিক। তিনি বলেন, ‘আমি এত বছর পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য নয়। আমি বিশ্বাস করি, আমার দর্শকেরা বিষয়টি বুঝতে পারবেন।’
মামলাটি দায়ের করেছেন একটি অনলাইন পোশাক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাঁর অভিযোগ, তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে একটি জামদানি শাড়ির প্রতি আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে প্রচারণার শর্তে শাড়িটি স্পনসর করা হলেও তিশা প্রতিশ্রুতি অনুযায়ী কোনো প্রচারণা করেননি এবং শাড়ির মূল্যও পরিশোধ করেননি।
তবে শুরু থেকেই তানজিন তিশার দাবি, শাড়িটি ছিল উপহার। অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!’
আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিজের অবস্থান পরিষ্কার করবেন।