কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেবীনগর গ্রামে এই নৃশংস হামলা চালানো হয়। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আবদুল শেখ (২৫)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় ছালিম হোসেন এবং গ্রাম পুলিশ মিন্টুর পক্ষের মধ্যে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দুজনই ছালিম হোসেনের পক্ষের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১২টার পর গ্রাম পুলিশ মিন্টুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলার সময় সেখানে উপস্থিত ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আবদুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ফারুক হোসেন ও আবদুল শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, "দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত মিন্টুসহ দুজন আটক আছেন।"

মাদকসংক্রান্ত বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, "এলাকার পরিস্থিতি আপাতত শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"