টানা বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গেটগুলো খোলার আগে হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা ১০৮ ফুট এমএসএল এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এসএমএল পর্যন্ত।

এই বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান মুক্তকণ্ঠকে বলেন, "বাঁধের ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।"

তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেও অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।