ভারতের প্রেক্ষাগৃহে বর্তমানে বলিউডের তিনটি আলোচিত সিনেমা—অজয় দেবগনের ‘ধামাল ৪’, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং আলিয়া ভাটের ‘আলফা’ প্রদর্শিত হচ্ছে। এর পাশাপাশি ভালো ব্যবসা করছে হলিউডের হরর সিনেমা ‘ইভিল ডেড বার্ন’। তবে এই চারটি ছবির মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ‘ধামাল ৪’। বিপরীতে ‘আলফা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আয়ের গতি এখন নিম্নমুখী।

অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা অভিনীত ‘ধামাল ৪’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিটি বুধবার ৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি ৭৫ লাখ রুপিতে। ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি চলতি সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

অন্যদিকে, আলিয়া ভাট, শর্বরী বাগ, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘আলফা’-র আয় ধারাবাহিকভাবে কমছে। শিব রাওয়েল পরিচালিত যশরাজ ফিল্মসের এই নারীকেন্দ্রিক স্পাই থ্রিলারটি বুধবার আয় করেছে মাত্র ৬০ লাখ রুপি। ৩ জুলাই মুক্তি পাওয়া ছবিটির মোট আয় এখন পর্যন্ত ৫৫ কোটি ৮০ লাখ রুপি।

মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ায় অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর দৈনিক আয় এখন লাখের ঘরে নেমে এসেছে। আহমেদ খান পরিচালিত এই ছবিটি বুধবার আয় করেছে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি ৩৫ লাখ রুপিতে। এখন দেখার বিষয়, ‘ধামাল ৪’ শেষ পর্যন্ত এই ছবির মোট আয় ছাড়িয়ে যেতে পারে কি না।

বলিউডের ছবির পাশাপাশি দর্শকদের আকর্ষণ করছে হলিউডের হরর সিনেমা ‘ইভিল ডেড বার্ন’। ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি বুধবার ১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। এখন পর্যন্ত এর মোট আয় ১৯ কোটি ৩০ লাখ রুপি। কম বাজেটের হরর সিনেমা হিসেবে বক্স অফিসে এর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।