আর মাত্র এক দিনের অপেক্ষা—রোববার রাতেই বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফলে রাজধানীতে আয়োজিত একটি পুরস্কার অনুষ্ঠান ঘিরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গও উঠে আসে নানা আলাপের মধ্যে। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির ছিলেন তানজিন তিশা।

কোন দলকে সমর্থন করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ছোট পর্দার আলোচিত এই অভিনেত্রী বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। এ সময় পাশে বসা একজন হাসতে হাসতে বলেন, ‘এখন সবাই আর্জেন্টিনা।’ তিশা বলেন, ‘না। এখন মানুষ বলতে পারে আমি আর্জেন্টিনা কারণ গতকাল (গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে) জিতে গিয়েছে। কিন্তু আমি আগে থেকেই আর্জেন্টিনা। যদিও আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা। কারণ, আমার বাবা আর্জেন্টিনাকে সমর্থন করতেন।’

এরপর একজন মজা করে প্রশ্ন করেন, আর্জেন্টিনা জিতলে কি বিয়ে করে ফেলবেন? উত্তর দেওয়ার আগে তিশা হেসে ফেলেন। পরে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’ এ সময় তাঁকে বলা হয়, অভিনেত্রী পরীমনি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা ফাইনাল জিতলে তিনি বিয়ে করে ফেলবেন। এরপর অবশ্য আর কিছুই বলেননি তিশা।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরু হওয়ার আগেই নিজের ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’