বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা ইলিশ মাছের ভিন্ন স্বাদের একটি পদ হলো কাঁচা মাখা। শাহনাজ বেগম শেয়ার করেছেন এই মুখরোচক পদের একটি সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:
ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম-১ কেজি), পেঁয়াজকুচি ৩ কাপ, কাঁচা মরিচ ফালি ১০টি, শর্ষের তেল ৬ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া এক চা–চামচ, মরিচগুঁড়া দুই চা–চামচ (ঝাল পছন্দ করলে), জিরাগুঁড়া এক চা–চামচ এবং ভাজা জিরাগুঁড়া এক চা–চামচ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বোলে মাছের টুকরোগুলো নিয়ে তাতে পেঁয়াজকুচি, লবণ এবং আধা চা–চামচ করে হলুদ, মরিচ ও জিরাগুঁড়া দিয়ে হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এতে দুই টেবিল চামচ শর্ষের তেল মিশিয়ে পুনরায় মাখাতে হবে।

অন্য একটি কড়াইতে বাকি শর্ষের তেল গরম করে তাতে আধা চা–চামচ মরিচগুঁড়া দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ কম বা মাঝারি থাকে, অন্যথায় মরিচ পুড়ে যেতে পারে। এরপর বোলে মাখানো মাছ ও মসলার পানি সাবধানে কড়াইতে ঢেলে দিতে হবে। কড়াইটি দুলিয়ে হালকাভাবে নেড়ে একটি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আট থেকে নয় মিনিট জ্বাল দিতে হবে।

পরবর্তীতে ঢাকনা খুলে সাবধানে মাছগুলো উল্টিয়ে তাতে কাঁচা মরিচ ফালি যোগ করতে হবে। আঁচ কমিয়ে আরও মিনিট পাঁচেক চুলার ওপর রাখতে হবে। সবশেষে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে তিন মিনিট ঢেকে রাখতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন এই বিশেষ ইলিশ মাছের কাঁচা মাখা।