প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন। দীর্ঘ নীরবতা ভেঙে গতকাল বৃহস্পতিবার একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন অভিনেত্রী।
মামলার বিবরণ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরবর্তীতে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ। এই ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিশা জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর সেই কারণেই এতদিন চুপ ছিলেন। তিনি বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’
সাংবাদিকদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি প্রশ্ন করেন, তাঁর বিরুদ্ধে কবে লিগ্যাল নোটিশ জারি করা হয়েছিল। এরপর নিজেই উত্তর দিয়ে তিনি বলেন, ‘আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’
আবেগের সাথে তিশা আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না।’
সবশেষে তিশা জানান, পুরো বিষয়টি তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করবেন। অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি সম্মান জানিয়ে বর্তমানে তিনি নীরব থাকছেন। উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে তিশার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।