বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তির ১৫ বছর পূর্ণ হয়েছে। ১৬ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি দর্শক ও সমালোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসা অর্জন করে। জোয়া আখতার পরিচালিত এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কার জয় করেছে।

ছবিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণা করেছেন অভিনেতা হৃতিক রোশন। তিনি জানান, সিনেমার ‘অর্জুন’ চরিত্রটি তাঁর বাস্তব জীবনের এক দোটানাকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছিল।

সিনেমাটির বেশ কিছু ছবি পোস্ট করে হৃতিক রোশন উল্লেখ করেন, পরিচালক জোয়া আখতারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা। জোয়ার ওপর আস্থা থাকার কারণে পুরো দল স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল। তাঁর কথায়, শুটিংয়ের সময় তাঁরা সবাই আনন্দের সঙ্গে কাজ করেছেন, আর সেই আনন্দের মধ্য দিয়েই তৈরি হয়েছে অর্থবহ একটি চলচ্চিত্র।

অভিনেতার মতে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে কাজ করা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ‘অর্জুন’ চরিত্রের মতো তিনিও এই ছবির মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন।

পোস্টের শেষে সহশিল্পী অভয় দেওল, ফারহান আখতার, ক্যাটরিনা কাইফ, কালকি কোয়েচলিন, পরিচালক জোয়া আখতার এবং পুরো নির্মাণদলকে ধন্যবাদ জানান হৃতিক। তিনি বলেন, ১৫ বছর পরও ছবিটি দর্শকের হৃদয়ে একইভাবে জায়গা করে রেখেছে।

বন্ধুত্ব, আত্ম-অন্বেষণ ও জীবনকে নতুনভাবে উপভোগ করার গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি মূলত একটি ব্যাচেলর রোড ট্রিপের কাহিনী, যা শেষ পর্যন্ত জীবনের গভীর উপলব্ধির যাত্রায় পরিণত হয়। ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী ১৫৩ কোটির বেশি রুপি আয় করে ব্যাপক সাফল্য পায়।