মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর তাঁদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন এই তারকা জুটি।

যৌথ বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তাঁরা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাম্পত্য সম্পর্ক শেষ হলেও তাঁদের মেয়ে জিজাহর প্রতি দায়িত্ব অপরিবর্তিত থাকবে। বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট। আমরা দুজনই যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।’

একসঙ্গে কাটানো বছরগুলোর জন্য একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তাঁরা। সংবাদমাধ্যম ও দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই দম্পতি। বিবৃতির শেষে তাঁরা বলেন, ‘আমাদের বন্ধু, সংবাদমাধ্যম এবং সবার কাছে অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এ বিষয়টি নিয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। এরপর আর কোনো মন্তব্য করব না। আপনাদের উষ্ণতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।’

গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তাঁরা আলাদা থাকছেন। যদিও সে সময় এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। এর আগে এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনা নিয়ে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়েছিলেন ঊর্মিলা। তিনি ইঙ্গিত করেছিলেন যে, অনলাইনে যা শোনা বা পড়া যায়, তার সবকিছু বিশ্বাস করা সমীচীন নয়।

২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির শুটিং সেটে প্রথম পরিচয় হয় আদীনাথ ও ঊর্মিলার। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে এবং এটিই ছিল ঊর্মিলার অভিনয় জীবন শুরু। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৮ সালে তাঁদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়।

অভিনয় জীবনে ঊর্মিলা ‘দুনিয়াদারি, মালা আই ভ্হায়চি!’ এবং ‘তি সধ্যা কায় কারতে’সহ একাধিক মারাঠি চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি ও তেলেগু সিনেমাতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, আদীনাথ অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে মারাঠি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে পরিচালক নীতেশ তিওয়ারির আলোচিত ‘রামায়ণ’ ছবিতে ভরত চরিত্রে অভিনয় করছেন আদীনাথ। এছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও তাঁকে দেখা যাবে।