মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বিরোধী দলের সমালোচনাকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, সরকার ও বিরোধী দল জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর নগরের পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে, আর বিরোধী দলও এ প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি আরও বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে-অক্ষরে বাস্তবায়ন করতে চায়।

বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিরোধী দল মাঝেমধ্যে যে মিঠা বক্তৃতা করে, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করে, চেতনায় লালন করে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব।’

রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। কর্মসূচির সূচনা হয় সকালে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।

শ্রদ্ধা নিবেদন পর্বে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।