চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ শ্রমিকদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হলে তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আহত শ্রমিকেরা হলেন—বোয়ালখালীর ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার হোলাইন এলাকার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, "কারখানায় আগুন লাগার পর ১০ শ্রমিক দগ্ধ হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর।"

ঘটনা প্রসঙ্গে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। পাশে কাগজের স্তূপ ছিল। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে ইতিমধ্যে আগুন নেভানো হয়েছে।"