প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই দলে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা yer ছিলেন। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, "সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সৌদি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে অবহিত করে যে, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে। পাশাপাশি তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আগ্রহী। এছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানায় প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে সৌদি প্রতিনিধিদলকে বিস্তারিত জানান।
প্রতিনিধিদল জানায়, তারা ইতিমধ্যে বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এই বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে তারা উল্লেখ করেন।
বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা জানান, তাঁরা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।






