কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনের প্রায় ১৭ মাস পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৯ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। আজ বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উদবাতুল বারীকে (আবু) সভাপতি ও ইউসুফ মোল্লাকে (টিপু) সাধারণ সম্পাদক করে আজ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপির এই পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি এখন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।’
.এর আগে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে উদবাতুল বারী (আবু) সভাপতি এবং ইউসুফ মোল্লা (টিপু) সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান (রাজিব) সাংগঠনিক সম্পাদক—এই তিন পদে নাম ঘোষণা করা হয়। উদবাতুল বারী বর্তমানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আর ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের পদে রয়েছেন।
২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় মহানগর বিএনপির কোনো আনুষ্ঠানিক সম্মেলন হয়নি। ২০২২ সালের ৩০ মে প্রথমবার ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও তিন মাসের মাথায় সেটি বিলুপ্ত করা হয়। পরে একই বছরের ৩১ আগস্ট উদবাতুল বারীকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করে ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধীনেই ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
.উদবাতুল বারীকে (আবু) সভাপতি ও ইউসুফ মোল্লাকে (টিপু) সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে।.
১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নজরুল ইসলাম সিনিয়র সহসভাপতি ছাড়াও ১৫ জনকে সহসভাপতি করা হয়েছে। খলিলুর রহমানকে (বিপ্লব) সিনিয়র যুগ্ম সম্পাদক ছাড়াও ১০ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহাম্মেদ শোয়েব সোহেল। সম্মেলনের দিন ঘোষণা হওয়া রাজিউর রহমান ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও চারজনকে। তাঁরা হলেন সাজ্জাদুল কবির (সাজ্জাদ) খলিলুর রহমান (খলিল) মনির হোসেন (পারভেজ), ফুয়াদ আহাম্মেদ এবং মোসাম্মৎ ফরিদা আক্তার। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্ত নেতা ছাড়াও ৬৪ জন সদস্যসহ মোট ১৫১ জন স্থান পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে ৯ জন উপদেষ্টাকে রাখা হয়েছে, যার মধ্যে আছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, নুরুল ইসলাম, আবদুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, মোসলেহ উদ্দিন আহমেদ ও নীলুফা পারভীন।
.দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় কুমিল্লা মহানগর বিএনপি অনেক বেশি উজ্জীবিত হয়েছে। এই কমিটি ঘোষণার মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে।উদবাতুল বারী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু) মুক্তকণ্ঠকে বলেন, ‘দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় কুমিল্লা মহানগর বিএনপি অনেক বেশি উজ্জীবিত হয়েছে। এই কমিটি ঘোষণার মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণ এবং বাংলাদেশ বিনির্মাণে সবাই অগ্রণী ভূমিকা রাখবেন।’
কমিটিতে দলের ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা (টিপু)। তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে মহানগর বিএনপিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করার পাশাপাশি বাংলাদেশ বিনির্মাণে দলের কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করব।’






