কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই শোকবার্তা হস্তান্তর করেন।
আজ বুধবার কাতারের বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের দেওয়া তথ্যানুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তাঁর অনন্য অবদানের কথা স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকবার্তা হস্তান্তরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান উপস্থিত ছিলেন। শোকবার্তা প্রদানের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উল্লেখ্য, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গতকাল দুপুরে দোহায় পৌঁছান। সফরকালে আজ তিনি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।






