দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের দ্রুত সেবা পৌঁছে দিতে কর্মীদের জন্য পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা চালু করেছে মোবাইল অপারেটর রবি। ‘রবি সুপার বাইক’ নামের এই বিশেষ সুবিধাটি দেশের ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানায় কার্যকর করা হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার রবি জানায়, টেকসই যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা, ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করাই এই দেশব্যাপী উদ্যোগের মূল লক্ষ্য। ই-বাইকের ব্যবহারের ফলে রবির মাঠ পর্যায়ের কর্মকর্তারা গ্রাহকসেবা প্রদান এবং ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মতো কাজগুলো আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেলের মতো বৈদ্যুতিক বাইক থেকে কার্বন নিঃসরণ হয় না, যা পরিবেশদূষণ কমাতে সহায়ক। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের ফলে সারা দেশের থানা ও ইউনিয়ন পর্যায়ে রবির কার্যক্রম আরও দ্রুত, দক্ষ এবং পরিবেশবান্ধবভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
মাঠকর্মীদের কাজ সহজ করতে গত বছর থেকে এই ই-বাইক সেবা চালু করা হয়। বাইকগুলোতে রয়েছে কনভার্টেবল কার্গো বক্স, রবি ব্র্যান্ডের ছাতা, মোবাইল ও ল্যাম্প চার্জ করার জন্য ইউএসবি পোর্ট এবং জনসচেতনতামূলক প্রচারের জন্য অডিও হ্যান্ড মাইক্রোফোন। এছাড়া নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য এতে যুক্ত করা হয়েছে ফেস রিকগনিশনভিত্তিক আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি।
এই উদ্যোগ প্রসঙ্গে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার বাইক আমাদের টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারছি।’






