প্রতিরক্ষা অর্থ বিভাগের অডিট কর্মকর্তা ইশরাত জাহানের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন ও ভাতাদি সংক্রান্ত বকেয়া বিলে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় বুধবার (২ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বরখাস্ত করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বকেয়া পেনশন ও সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++ এর মাধ্যমে উক্ত অর্থ পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি ব্যবহার করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেন। এই অর্থ বিধিবহির্ভূতভাবে পরিশোধের জন্য তাকে সম্পূর্ণ দায়ী করে প্রাথমিক প্রতিবেদনে সুপারিশ দেওয়া হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা (সাবসিস্ট্যান্স গ্র্যান্ট) পেতে পারবেন। তবে এটি কেবল প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি আগামীতে বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
ইশরাত জাহান বর্তমানে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ও আর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনের অনুলিপি কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।