ময়মনসিংহের প্রবীণ বামপন্থি নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহান বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টায় মারা গেছেন। স্থানীয় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুরে ময়মনসিংহে জানাজা অনুষ্ঠিত হয়। জনাজায় বিভিন্ন বামপন্থি দলের নেতারা উপস্থিত ছিলেন। বিকালে শহরের উপকণ্ঠে কাতলাসেনে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রয়াত নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, জীবনের প্রায় ছয় দশক তিনি মেহনতি মানুষের অধিকার ও মুক্তির জন্য লড়াই করে গেছেন। ব্যক্তি প্রতিষ্ঠার কোন লোভ বা প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। স্বপ্নভাষী বন্ধুবৎসল কমরেড শাহজাহানের জীবন ও সংগ্রাম এই প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সাধারণ সম্পাদক প্রয়াত নেতার বিপ্লবী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান.