হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা তাদের পদ ও প্রশাসনিক দায়িত্ব পুনরুদ্ধার করেছেন। গত সোমবার (৩১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যানদের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠান। ওই চিঠিতে হাইকোর্টের রিট আবেদন নম্বর ৭০০৩/২০২৫-এর নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের পরিপত্র এবং জেলা সরকারি আইন কর্মকর্তার আইনগত মতামতের কথা উল্লেখ করা হয়।

দায়িত্ব গ্রহণকারী চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন—রামকৃষ্ণপুর ইউনিয়নের মো. কামাল হোসেন, চালা ইউনিয়নের কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউনিয়নের মো. বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়নের শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউনিয়নের মো. জায়েদ খান এবং বলড়া ইউনিয়নের মো. মোসলেম উদ্দিন খান কুন্নু। প্রশাসনিক সূত্র জানিয়েছে, বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের চেয়ারম্যানরা ইতোমধ্যে নিজ নিজ কার্যালয়ে যুক্ত হয়ে কাজ শুরু করেছেন। বাকি দুই জন শীঘ্রই দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন তারা।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, চিঠি লাভের পর তিনি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে পদে যোগ দেবেন। একই বিষয় নিশ্চিত করে হারুকান্দি ও ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যানরা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা পরিষদে ফিরে এসেছেন।

হরিরামপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিজা বীসরাত হোসেন বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় ৬ ইউপি চেয়ারম্যানকে প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দিতে প্যানেল চেয়ারম্যানদের চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।