বলিউড সুপারস্টার আমির খান গত ৫ জুলাই তাঁর সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এটি অভিনেতার তৃতীয় বিয়ে। তবে বিয়ের পর থেকেই বেশ কয়েকজন রাজনীতিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য তাঁর তীব্র সমালোচনা শুরু করেন। অনেকে এই বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে আখ্যা দিয়েছেন। এবার এই বিতর্কিত অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আমির খান।
গত মঙ্গলবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করার ঘটনায় আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পারসোনাল দারুল ইফতার শাহি প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এই বিয়েতে আপত্তি জানিয়ে ব্যাখ্যা করেছেন যে, কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সমালোচনার প্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলিউড তারকা।
রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগের জবাবে আমির বলেন, ‘সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়। আমার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে।’
ধর্ম পরিবর্তনের বিষয়ে আমির আরও জানান, তাঁর পরিবারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলেও কখনোই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, ‘গৌরী স্প্র্যাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত—কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন। সময়ের সঙ্গে জীবন আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।’
উল্লেখ্য, ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রীনা দত্তর সঙ্গে আমিরের প্রথম দাম্পত্য জীবন কাটে। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি, তবে ২০২১ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
সর্বশেষ ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে এক ব্যক্তিগত অনুষ্ঠানে ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম পরিচয় হলেও, দুই বছর আগে বেঙ্গালুরুতে চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে পুনরায় যোগাযোগ হয় তাঁদের। গত বছরের মার্চে নিজের ৬১তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি গৌরীর সঙ্গে গণমাধ্যমের পরিচয় করিয়ে দেন।
ঘরোয়া আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়েতে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। আমিরের সন্তান জুনাইদ খান ও ইরা খান এবং ইরার স্বামী নূপুর শিখারের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, রাজনীতিক রাজ ঠাকরে, চলচ্চিত্র নির্মাতা অশুতোষ গোয়ারিকর, চিত্র পরিচালক রাজকুমার হিরানি, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, কৌতুকশিল্পী বীর দাস এবং অভিনেত্রী এলি আভরাম।