টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাই–বোন। একই সঙ্গে দুই ভাই ও এক বোন ট্যালেন্টপুলে সাফল্য অর্জন করায় বিষয়টি এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি করেছে। পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও স্থানীয় অনেকের মধ্যেও আনন্দ দেখা দিয়েছে।
বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন ফাতেমা আক্তার, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তাদের বয়স ১২ বছর। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম ও শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।
তিন ভাইবোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
তিন ভাই–বোন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী।ইউসুফ আলী, প্রধান শিক্ষক, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চারজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে তিনজনই যমজ ভাইবোন—এ তথ্য উল্লেখ করে বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এ কৃতিত্ব প্রতিষ্ঠানটির জন্য বিশেষ গর্বের।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চারজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে তিনজনই যমজ ভাইবোন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বলেন, তাঁর তিন সন্তান ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বিদেশে থাকা বাবা নিয়মিত সন্তানের পড়াশোনার খোঁজ নিতেন এবং উৎসাহ দিতেন বলেও তিনি জানান। তিনি চান, তাঁর সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক।
প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, তারা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী।






