ফুটবল মাঠে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি তাঁর রক্ষণভাগের দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে মাঠের বাইরের জীবন ও শখের কথা বললে সামনে আসে তাঁর অন্য এক পরিচয়—তিনি জনপ্রিয় টিভি সিরিজের একজন একনিষ্ঠ ভক্ত।

ওতামেন্দির শরীরে খোদাই করা অসংখ্য ট্যাটু রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তাঁর পিঠের নকশাগুলো। এই ডিফেন্ডারের পিঠের ওপরের অংশে রয়েছে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইট-এর ছবি। এর ঠিক নিচেই স্থান পেয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের জনপ্রিয় চরিত্র টমাস শেলবির প্রতিকৃতি।

পিঠের বাঁ দিকে দেখা যায় ‘ভাইকিংস’ সিরিজের চরিত্র রাগনার লথব্রক-এর ছবি। এছাড়া তাঁর পিঠে ‘প্রিজন ব্রেক’, ‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের ট্যাটুও রয়েছে।

টিভি সিরিজের বাইরেও ওতামেন্দির শরীরে সিংহ, ভালুক এবং পকেটঘড়ির মতো বিভিন্ন নকশা দেখা যায়। পাশাপাশি পরিবারের সদস্যদের নাম এবং তাঁর দাদার প্রতিকৃতিও ট্যাটু করিয়েছেন এই ফুটবলার।

২০১৬ সালে দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওতামেন্দি বলেছিলেন, "দাড়ি ও ট্যাটু তাঁর ব্যক্তিত্বের অংশ হয়ে উঠেছে।" এগুলো তাঁকে আরও "আগ্রাসী" ভাবমূর্তি দিতে সাহায্য করে বলেও জানিয়েছিলেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার ট্যাটু করান ওতামেন্দি। তাঁর ভাষায়, প্রতিটি ট্যাটুর পেছনেই রয়েছে আলাদা গল্প। পরিবারের স্মৃতি ধরে রাখার পাশাপাশি কোনো নকশা পছন্দ হলেই সেটি তিনি শরীরে এঁকে নেন।