রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই দগ্ধ ব্যক্তিদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

শাওন বিন রহমান আরও জানান, "দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"