টম ক্রুজ ও রিজ আহমেদ অভিনীত নতুন হলিউড চলচ্চিত্র ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলের একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে তিনি প্রকাশ করেছেন, এই ছবির রিজ আহমেদের চরিত্রটির জন্য অডিশন দিলেও শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি।

গত বছর কিউ স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ জানান, তাঁর অডিশন সন্তোষজনক হলেও মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতু তাঁর আমেরিকান উচ্চারণে সন্তুষ্ট ছিলেন না। উচ্চারণ সংশোধনের জন্য তাঁকে তিন থেকে চার মাস যুক্তরাষ্ট্রে থেকে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করে ফাহাদ বলেন, ‘উচ্চারণ নিখুঁত করতে আমাকে যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই খরচ তারা বহন করতে রাজি ছিল না। তাই কাজটি ছেড়ে দিই। না হলে আমি দৌড়ে চলে যেতাম। বাণিজ্যিক দিক থেকে বিষয়টি আমার জন্য সম্ভব ছিল না। শুধু উচ্চারণের জন্য এতটা পরিশ্রম করার তাগিদও অনুভব করিনি।’

তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীতে পরিচালকের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠকের পর তাঁর মনে হয়েছিল যে, ইনারিতু বুঝেছেন এই চরিত্রের জন্য তিনি উপযুক্ত নন। এই প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘এ ধরনের বৈঠকের পর অনেক ছবির সুযোগই হারিয়েছি।’

সাক্ষাৎকারে মালয়ালম সিনেমার প্রতি গভীর ভালোবাসার কথা জানান এই অভিনেতা। তিনি জানান, তাঁর জীবনের ‘জাদু’ ঘটে মালয়ালম চলচ্চিত্রেই। আন্তর্জাতিক নির্মাতারা যেন কেরালায় এসে কাজ করেন, এটাই তাঁর প্রত্যাশা। এমনকি কোনো প্রকল্প তাঁকে বিশ্বজুড়ে নতুনভাবে পরিচিত করার সুযোগ দিলেও তিনি সেটি মালয়ালম ভাষাতেই করতে চান।

অন্যদিকে, কৌতুক অভিনেতা ভির দাসও সামাজিক যোগাযোগমাধ্যমে (পরবর্তীতে মুছে ফেলা এক পোস্টে) জানিয়েছিলেন যে, একই চরিত্রের জন্য তিনি দুবার অডিশন দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচিত হন রিজ আহমেদ।

গতকাল সোমবার ট্রেলারটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। চার দশকের বেশি সময় ধরে হলিউডের অ্যাকশন নায়কদের প্রতীক হয়ে থাকা টম ক্রুজ এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন। ঝকঝকে নায়ক বা সুদর্শন চেহারার পরিবর্তে তাঁকে দেখা যাচ্ছে মোটা পেট, পাতলা সাদা চুল এবং অদ্ভুত উচ্চারণের এক আত্মমুগ্ধ বিলিয়নিয়ারের চরিত্রে। ‘ডিগার’ ছবির ট্রেলারে টম ক্রুজ যেন নিজের দীর্ঘদিনের তারকা ইমেজ ভেঙে নতুন এক রূপ ধারণ করেছেন।

ছবির মূল চরিত্র ডিগার রকওয়েল বিশ্বের অন্যতম ক্ষমতাধর ধনকুবের। তাঁর প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করলে তা দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নেয়। বিজ্ঞানীরা সতর্ক করেন যে, এর ফলে ভয়াবহ জলবায়ু বিপর্যয় এমনকি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে। তবে ডিগার শুরুতে এসব গুরুত্ব না দিয়ে সাংবাদিকদের সামনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জানান, হিমবাহ কয়েক ফুট সরে যাওয়ায় তাঁর বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ করার কোনো কারণ নেই। এই ঔদ্ধত্যই তাঁকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানুষে পরিণত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিগার শুরু করেন এক নতুন লড়াই—পৃথিবীকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।

ছবিটিতে টম ক্রুজ ও রিজ আহমেদ ছাড়াও অভিনয় করেছেন সান্দ্রা হলার, জন গুডম্যান, জেসি প্লেমন্স, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সি। জন গুডম্যান এখানে অসুস্থ মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ডিগারের তৈরি করা সংকট থেকে পৃথিবীকে রক্ষার শেষ চেষ্টা করেন।