আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের পরিবহন খরচে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার এই প্রস্তাবটি মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে আগ্রহী এই বিমান সংস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের চিঠিতে উল্লেখ করেছে, "বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্প ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, তার জন্য হজ ফ্লাইটের সব শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক তারা।"

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের জিএম মো. কামরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "যাত্রা খরচ কমলেই মূলত হজযাত্রার অন্যান্য খরচও কমে আসে। তাই হজযাত্রার খরচ কমিয়ে হাজিদের স্বস্তি দিতেই তাদের এই প্রস্তাব। ইউএস–বাংলা এই সেবাকে ব্যবসা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেখছে।"

এদিকে, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমরা সব সময়ই হজের বিমানভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।”

উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জন্য জনপ্রতি বিমানভাড়া নির্ধারিত ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের সরকারি সংস্থা সাউদিয়া এয়ারলাইনস এবং বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইনস প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে থাকে।