সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আট অভিযুক্তের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি এজলাসে উপস্থিত হন এবং রায় পড়া শুরু করেন। সবশেষে বেলা ১টা ৫৩ মিনিটে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।