পর্দার চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়কে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় বলে মনে করেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সিম্পল কৌল। তাঁর মতে, একজন অভিনয়শিল্পীর জন্য এই ধরনের দৃশ্য কেবল পেশাগত দায়িত্বেরই অংশ।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত এই অভিনেত্রী জানান, গল্পের প্রয়োজনে কোনো দৃশ্য থাকলে তা অভিনয়শিল্পীদের পেশারই অংশ। সিম্পল কৌল বলেন, ‘অভিনয় একটি পেশা। যদি কোনো অভিনেতাকে চুম্বনের দৃশ্য বা চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী অন্য কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়, সেটি তার কাজেরই অংশ। ব্যক্তিগতভাবে আমার স্বামী বা সঙ্গীকে যদি পেশাগত কারণে এমন দৃশ্যে অভিনয় করতে হয়, তাহলে আমার কোনো সমস্যা হবে না। কারণ, সেটি কাজ। কিন্তু সম্পর্কের বাইরে বাস্তবে অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

সাক্ষাৎকারে বর্তমান বিনোদন জগতের সম্পর্ক, বিশ্বাস এবং প্রতারণা নিয়েও কথা বলেন তিনি। সিম্পল কৌলের মতে, ‘প্রতারণা মানেই প্রতারণা। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। যদি দুজন মানুষ সত্যিই একে অপরকে ভালোবাসেন, তাহলে তাদের সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। সম্পর্কের মধ্যে অন্য কারও প্রতি আকর্ষণ তৈরি হলে সেটি লুকিয়ে না রেখে খোলাখুলি আলোচনা করা উচিত। আর কেউ যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকতে না চান, সেটাও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। কিন্তু একটি গুরুতর সম্পর্কে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দীর্ঘ টেলিভিশন ক্যারিয়ারে সিম্পল কৌল ভারতীয় দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ‘কুতুম্ব’, ‘শরারত’, ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘ওয়ে জ্যাসি’, ‘যম হ্যায় হাম’, ‘দিল্লি ওয়ালি ঠাকুর গার্লস’ এবং ‘জিদ্দি দিল মানে না’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

সম্প্রতি অভিনেতাদের ব্যক্তিগত জীবন ও পর্দার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটেই সিম্পল কৌলের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তাঁর স্পষ্ট অভিমত, অভিনয়শিল্পীদের কাজকে পেশাগত দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত এবং ব্যক্তিগত সম্পর্কের মূল্যায়ন হওয়া উচিত সততা ও বিশ্বাসের ভিত্তিতে।