রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপিকে জনগণের দল হিসেবে অভিহিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ সোমবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি। যতবার দেশে গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থান হয়েছে, ততবার নেতৃত্ব দিয়েছে বিএনপি; আর জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে নির্বাচিত করেছে।"

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালে একটি দল জনগণের বিপক্ষে ছিল। সে কারণেই তাদের রাজাকার বলা হয়। তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল। তারা এটি অস্বীকার করতে পারবে না।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আওয়ামী লীগের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন বলেন, “একবার বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, পরে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছে।”

নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি বেশি। কারণ, মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে গেলে সেবা পাওয়া যাবে।”

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি জানান, নিরাপদ খাদ্য ও প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এখানে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পশুর কোনো অংশই যেন অপচয় না হয়, সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন উপজাত রপ্তানির পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের সুযোগ তৈরি করা হবে, যা মাংস ব্যবসায়ীদের জন্য উপকারী হবে। এছাড়া নগরবাসীর দাবি অনুযায়ী আধুনিক চিড়িয়াখানা নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আগের চিড়িয়াখানাটি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং সেটিকে আধুনিকায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ইতিবাচক মত দিয়েছেন।

রাজশাহী অঞ্চলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, কৃষি, আম, রেশম, মৎস্য উৎপাদন ও পরিচ্ছন্নতার জন্য এই অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। আম সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়লে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি সম্ভব। সব দিক বিবেচনায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করবে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান প্রমুখ।

এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহী চিড়িয়াখানা ও নগরের ফুলতলা এলাকায় প্রস্তাবিত আধুনিক কসাইখানা পরিদর্শন করেন। দুপুরে তিনি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগির খামার এবং বিকেলে রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন।